কোম্পানীগঞ্জে নিষিদ্ধ সংগঠন আ. লীগের ৬ নেতাকর্মী আটক

0
10
কোম্পানীগঞ্জে নিষিদ্ধ সংগঠন আ. লীগের ছয় নেতাকর্মী আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর প্রস্তুতিকালে শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বসুরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিলে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।

ওসি নুরুল হাকিম বলেন, “আটক ব্যক্তিদের পরিচয় যাচাই–বাছাই করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”