আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রথমবারের মতো পুষ্পস্তবক অর্পণ করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি শহীদ বেদিতে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন তারা।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান জামায়াত আমিরের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা। এরপর ১২টা ১০ মিনিটের দিকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, এটিএম আজহারসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে তারা শহীদ বেদিতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে দোয়া করেন।
জানা গেছে, অতীতে জামায়াতের পক্ষ থেকে এভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয়ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়নি। এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল দলটি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
একুশের প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। ভাষা শহীদদের স্মরণে দিবসটি রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে।