কুষ্টিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

0
8
কুষ্টিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

কুষ্টিয়ায় গ্যাসসিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শহরের বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোর তেলপাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার প্রয়াত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের জামাতা ও সিএনজি চালক জাকারিয়া সরকার (৪০) এবং একই এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮)। অপর নিহত এক নারীর পরিচয় এখনো জানা যায়নি।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত গ্যাসসিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজি আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টিও নিশ্চিত করেন তিনি।