বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও বাইশফাঁড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি বিশেষ অভিযানে তিন লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রথম অভিযানটি পরিচালিত হয় শনিবার ভোর ৫টার দিকে। ঘুমধুম বিওপির একটি টহলদল সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ১ দশমিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ নামক স্থানে অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ বশির আহম্মেদ (৫০) নামের এক রোহিঙ্গাকে আটক করে। তিনি পার্শ্ববর্তী উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচওয়ান ব্লকের আবু সিদ্দিকের ছেলে।
এর প্রায় সাড়ে ৬ ঘণ্টা আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে একই ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে আরেকটি অভিযান চালানো হয়। ৩৪ বিজিবির অধীন বাইশফাঁড়ি বিওপির একটি টহলদল সীমান্ত পিলার-৩৬ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় নামক স্থানে অভিযান পরিচালনা করে। এই পয়েন্ট থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটক ব্যক্তিকে জব্দ করা ইয়াবাসহ পুলিশের কাছে সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।