আইনশৃঙ্খলা ও যানজট নিরসনে ডিসিদের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের বৈঠক

0
26
আইনশৃঙ্খলা ও যানজট নিরসনে ডিসিদের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের বৈঠক

রাজধানীর ঢাকা-৬ আসন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসন এবং মাদক নির্মূলে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার, অবৈধ দখল উচ্ছেদ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং যানজট নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় লালবাগ বিভাগের ডিসি ও ডিসি (ট্রাফিক), ওয়ারী বিভাগের ডিসি ও ডিসি (ট্রাফিক), কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ফুটপাত দখলমুক্ত রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা-৬ আসনকে বাসযোগ্য ও নাগরিকবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয় সভা অব্যাহত থাকবে।