পাবনায় স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

0
12
পাবনায় স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলায় পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলামিন মালিথা এবং আওয়ামী লীগ নেতা রাজু আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পাবনা সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত দুই নেতা সম্প্রতি পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান ও বিক্ষোভ মিছিলে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তদন্তে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গতকাল রাতে একটি বিশেষ অভিযানে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

এই গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে পাবনা আওয়ামী লীগ কার্যালয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশজুড়ে আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর ব্যাপক হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সারাদেশে শত শত মামলা দায়ের করা হয়েছে। সেসব মামলায় ধারাবাহিকভাবে গ্রেপ্তার অভিযান চলছে।