বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

0
12
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) দ্রুত চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে থার্ড টার্মিনাল চালু করা যায়। সে ব্যাপারে তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।’

তবে থার্ড টার্মিনাল কবে নাগাদ চালু হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট কোনো সময় এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। এখন আলাপ-আলোচনা হবে, তদন্ত হবে, কীভাবে দ্রুততম সময়ে এটি চালু করা যায় সেটা নিয়ে কাজ চলছে।’

থার্ড টার্মিনালের ৯৯ শতাংশেরও বেশি নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পরও কেন এটি এতদিন চালু করা সম্ভব হলো না—এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘কেন চালু হয়নি, সেটা অন্তর্বর্তী সরকারের সময়ের বিষয়। এ প্রশ্ন তাদের করতে পারতেন। এখন প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে এটি চালু করা যায়।’ তিনি আরও জানান, টার্মিনালটি নিয়ে বেশ কিছু সুপারিশ ছিল, কিছু কাঠামোগত অংশ পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে এবং নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যাও ছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পটি দেশের বিমান যোগাযোগ খাতের সবচেয়ে বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোর একটি। ক্রমবর্ধমান যাত্রী চাপ সামলাতে এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে এই টার্মিনাল চালু হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রীর এই নির্দেশনা থার্ড টার্মিনাল চালুর প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে বলে আশা করছেন বিমান চলাচল খাতের সংশ্লিষ্টরা।