যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

0
30
যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে যাত্রাবাড়ীর মীর হাজারীবাগ এলাকার ঘণ্টিঘর মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)। জানা গেছে, আজিজুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাঁর বাবার নাম সালামৃধা। অপরদিকে সাইফুল ইসলাম একটি মোটরের দোকানের কর্মচারী ছিলেন। তাঁর বাবার নাম লোকমান খন্দকার। উভয়েই গেন্ডারিয়ার সতীশ সরকার রোডে পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মীর হাজারীবাগ ঘণ্টিঘর এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আজিজুল ও সাইফুলকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক গণমাধ্যমকে জানান, যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু জানান, মীর হাজারীবাগ ঘণ্টিঘর এলাকায় সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়া গেছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, রাজধানীতে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। বেপরোয়া গতি, যানজট ও যত্রতত্র যান চলাচলকে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করছেন সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা।