স্টপেজ টাইমে ওসাসুনার ঘা, রিয়ালের জয়যাত্রা থামল পাম্পলোনায়

0
30
স্টপেজ টাইমে ওসাসুনার ঘা, রিয়ালের জয়যাত্রা থামল পাম্পলোনায়

লা লিগায় টানা নয় ম্যাচ জিতে উড়ছিল রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে শীর্ষে উঠেছিল তারা। জিরোনার কাছে বার্সেলোনা হেরে যাওয়ায় এক নম্বর অবস্থান আরও মজবুত হয়েছিল মাদ্রিদ ক্লাবের। কিন্তু এক ম্যাচ পরই সেই দৌড় থেমে গেল।

পাম্পলোনার এস্তাদিও এল সাদারে নাটকীয় লড়াইয়ে ওসাসুনা ২-১ গোলে হারিয়েছে লা লিগার শীর্ষ দলকে। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে আন্তে বুদিমির পেনাল্টি স্পট থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে কঠিন এক সপ্তাহ পার করা ভিনিসিয়ুস জুনিয়র সমতা ফেরান। তবে স্টপেজ টাইমে রাউল গার্সিয়ার বাঁ দিক থেকে নেওয়া দুর্দান্ত শটে পরাস্ত হন থিবো কোর্তোয়া, আর তাতেই জয় পায় ওসাসুনা।

এই ম্যাচে ব্যবধান পাঁচ পয়েন্টে নেওয়ার সুযোগ ছিল রিয়ালের। কিন্তু হেরে যাওয়ায় ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও তাদের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টেই রইল। আজ লেভান্তেকে হারাতে পারলে ৫৮ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষে উঠতে পারে বার্সেলোনা।

মঙ্গলবার রাতে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে বর্ণবাদী মন্তব্যের শিকার হন ভিনিসিয়ুস। সেই বিতর্কের আবহ নিয়েই মাঠে নামে রিয়াল। ম্যাচের শুরুতে চাপে ছিল অতিথিরা। বুদিমিরের বাঁকানো শট অল্পের জন্য পোস্ট ঘেঁষে বাইরে যায়। পরে রুবেন গার্সিয়ার ক্রসে আলভারো কারেরাসের জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকান কোর্তোয়া। বুদিমিরের আরেকটি হেডও রুখে দেন তিনি।

৩৯ মিনিটে বুদিমিরকে ফাউল করেন কোর্তোয়া। ভিএআর পর্যালোচনায় পেনাল্টি পায় ওসাসুনা। স্পট কিক থেকে নিজেই গোল করে রিয়ালের বিপক্ষে নিজের গোলের রেকর্ড ধরে রাখেন বুদিমির। প্রথমার্ধের স্টপেজ টাইমে অরেলিয়েন শুয়োমেনির শট কষ্টে ঠেকান গোলরক্ষক সার্জিও হেরেরা।

দ্বিতীয়ার্ধে আর্দা গুলারের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ৭০ মিনিটের পর বল জালে জড়ালেও কিলিয়ান এমবাপের গোল অফসাইডের কারণে বাতিল হয়। তিন মিনিট পর ফেদেরিকো ভালভার্দের কাটব্যাক থেকে ভিনিসিয়ুস গোল করে সমতা ফেরান।

শেষ মুহূর্তে গার্সিয়ার গোলে ওসাসুনার উল্লাস অফসাইডের পতাকায় থমকে যায়। তবে ভিএআর সিদ্ধান্ত বদলে দিলে স্মরণীয় জয়ের আনন্দে মাতে স্বাগতিকরা। রিয়ালের টানা জয়যাত্রা থেমে যায় নাটকীয় পরাজয়ে।