চিফ প্রসিকিউটর পদ থেকে সরানো হলো তাজুল ইসলামকে, নতুন দায়িত্বে আমিনুল ইসলাম

0
11
চিফ প্রসিকিউটর পদ থেকে সরানো হলো তাজুল ইসলামকে, নতুন দায়িত্বে আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর পদ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছে সরকার। তাঁর স্থলে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম আইন অঙ্গনে একজন পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ-পরবর্তী হত্যাকাণ্ডের মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবেও তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম-খুনের ঘটনাগুলোর বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের আমলে আইন মন্ত্রণালয় অ্যাডভোকেট তাজুল ইসলামকে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়। তাঁর নেতৃত্বেই ট্রাইব্যুনালে একাধিক মামলায় তদন্ত, অভিযোগ গঠন ও বিচার কার্যক্রম শুরু হয়।

নির্বাচিত নতুন সরকার ক্ষমতায় আসার পর ট্রাইব্যুনালের এই শীর্ষ পদে পরিবর্তন আনা হলো। তবে চিফ প্রসিকিউটর পরিবর্তনের ফলে ট্রাইব্যুনালে চলমান মামলাগুলোর বিচার প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে আইন বিশেষজ্ঞ মহলে আলোচনা শুরু হয়েছে।