বেসরকারি মাদ্রাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

0
12
বেসরকারি মাদ্রাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

দেশের বেসরকারি মাদ্রাসাগুলোতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর আওতাবহির্ভূত সকল শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এই নীতিমালা অমান্য করে কোনো নিয়োগ দেওয়া হলে সংশ্লিষ্ট পদে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) সুবিধা প্রদান করা হবে না। অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।

অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে গত ১ ফেব্রুয়ারি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে। এখন থেকে বেসরকারি মাদ্রাসাগুলোতে সকল নিয়োগ কার্যক্রম এই নীতিমালা অনুযায়ী সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এতদিন বেসরকারি মাদ্রাসাগুলোতে এনটিআরসিএ-এর আওতাবহির্ভূত শূন্য পদে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির সুপারিশে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিয়োগ কার্যক্রম পরিচালনা করত। কিন্তু এখন থেকে এসব নিয়োগ প্রক্রিয়া অবশ্যই নতুন জারিকৃত নীতিমালার শর্ত ও বিধান অনুসরণ করে সম্পন্ন করতে হবে।

অধিদপ্তর বিশেষভাবে সতর্ক করে দিয়ে বলেছে, নতুন নীতিমালা অনুসরণ না করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে কোনোভাবেই ওই পদে এমপিও সুবিধা প্রদান করা হবে না।

এই নির্দেশনার অনুলিপি দেশের সকল বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার সভাপতি, গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি এবং অধ্যক্ষ ও সুপারদের কাছে পাঠানো হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বেসরকারি মাদ্রাসাগুলোতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং অযোগ্য প্রার্থী নিয়োগ রোধ করাই এই নির্দেশনার মূল উদ্দেশ্য। তাঁরা আরও জানান, নতুন নীতিমালার ফলে মাদ্রাসাগুলোতে যোগ্যতাভিত্তিক নিয়োগ নিশ্চিত হবে এবং শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।