রুমিন ফারহানার ১৫০ সমর্থকদের বিরুদ্ধে মামলা

0
13
রুমিন ফারহানার ১৫০ সমর্থকদের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শহীদ মিনারে ফুল দেওয়া কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। রুমিন ফারহানা-র সমর্থকের দায়ের করা মামলার কয়েক ঘণ্টার মধ্যেই তার সমর্থকদের বিরুদ্ধেও মামলা হয়েছে সরাইল থানায়।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রুমিন ফারহানার সমর্থক মো. আহাদ মিয়া তাকে মারধরের অভিযোগে মামলা করেন। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়। পাশাপাশি আরও চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা পর রাতেই পাল্টা মামলা করেন আনোয়ার হোসেনের প্রতিষ্ঠানের কর্মচারী তামিম মিয়া। তার দায়ের করা মামলায় রুমিন ফারহানার ১৭ জন কর্মী-সমর্থকের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

তামিম মিয়ার অভিযোগ, একুশে ফেব্রুয়ারি ভোরে আনোয়ার হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠান ‘ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার’ ও তার বাড়ির সামনে অভিযুক্তরা গালাগাল করেন। প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করা হয় এবং তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া শহীদ মিনারে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার জেরে এ হামলা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, আহাদ মিয়ার দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাধা দেন। এ সময় রুমিন ফারহানার সমর্থকদের মারধর করা হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি শ্রদ্ধা নিবেদন না করেই স্থান ত্যাগ করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, উভয় মামলাই আমলে নেওয়া হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ায় তদন্ত কার্যক্রম চলছে।