শিশুমৃত্যু রোধে পরিত্যক্ত গভীর নলকূপ তিন মাসে ভরাটের নির্দেশ হাইকোর্টের

0
13
শিশুমৃত্যু রোধে পরিত্যক্ত গভীর নলকূপ তিন মাসে ভরাটের নির্দেশ হাইকোর্টের

দুর্ঘটনা রোধে সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ তিন মাসের মধ্যে ভরাট করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশুদের মর্মান্তিক মৃত্যুর একাধিক ঘটনা সংযুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন জনস্বার্থে এই রিট দায়ের করেছিলেন। তিনিই আদালতে রিটের পক্ষে শুনানি পরিচালনা করেন।

অ্যাডভোকেট মনির উদ্দিন জানান, ২০১৪ সালে শাহজাহানপুরের রেলওয়ে কলোনিতে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনা সারাদেশে আলোড়ন তুলেছিল। এরপরও এ ধরনের দুর্ঘটনা বন্ধ হয়নি। ২০২৪ সালের ডিসেম্বরে রাজশাহীর তানোরে একইভাবে পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদের প্রাণহানি ঘটে। সবশেষ চলতি বছরের ২৮ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু মিসবাহ মৃত্যুবরণ করে।

তিনি বলেন, ‘এসব হৃদয়বিদারক ঘটনার তথ্য-প্রমাণ ও গণমাধ্যমের প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করেছিলাম। শুনানি শেষে আদালত তিন মাসের মধ্যে সারাদেশের সব পরিত্যক্ত গভীর নলকূপ ভরাট করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।’

উল্লেখ্য, দেশজুড়ে অসংখ্য পরিত্যক্ত গভীর নলকূপ খোলা অবস্থায় ফেলে রাখা হয়েছে, যা শিশুসহ সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বিভিন্ন সময়ে এসব নলকূপে পড়ে শিশুদের মৃত্যুর ঘটনা ঘটলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। হাইকোর্টের এই আদেশ বাস্তবায়ন হলে এ ধরনের প্রতিরোধযোগ্য দুর্ঘটনা ও প্রাণহানি রোধ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।