‘এটাই আমাদের সবচেয়ে বাজে ম্যাচ’—নটিংহ্যামে জয়ের পরও হতাশ লিভারপুল কোচ

0
6
‘এটাই আমাদের সবচেয়ে বাজে ম্যাচ’—নটিংহ্যামে জয়ের পরও হতাশ লিভারপুল কোচ

নটিংহ্যাম ফরেস্ট–এর মাঠ সিটি গ্রাউন্ডে অন্তিম মুহূর্তের জয়ে তিন পয়েন্ট পেলেও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন লিভারপুল এফসি কোচ আর্নে স্লট। তার মতে, চলতি মৌসুমে এটাই ছিল তাদের সবচেয়ে বাজে ম্যাচ।

ম্যাচজুড়ে নিজেদের ছায়া হয়ে ছিল লিভারপুল। ক্লাবের সাবেক অধিনায়ক জেমি ক্যারাঘার প্রথমার্ধের পারফরম্যান্সকে ‘হরর শো’ বলে আখ্যা দেন। তবে নাটকীয় শেষ মুহূর্তে স্বস্তির জয় তুলে নেয় অলরেডরা। স্টপেজ টাইমে ভিএআরে একটি গোল বাতিল হওয়ার পর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জাল কাঁপান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তাতেই ১-০ ব্যবধানে জয় পায় লিভারপুল।

ম্যাচ শেষে স্লট বলেন, এই তিন পয়েন্ট তার দলের প্রাপ্য ছিল না, সৌভাগ্যবশত তারা জিতেছে। তার ভাষায়, প্রথমার্ধ ছিল খুবই বাজে—এ পর্যন্ত মৌসুমের সবচেয়ে খারাপ। যদিও দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি হয় এবং তারা খেলায় নিয়ন্ত্রণ বাড়াতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, বিশেষ করে প্রথমার্ধে দল যে মানের ফুটবল খেলেছে, তা তাদের স্বাভাবিক মানের ধারেকাছেও ছিল না। অনেক সময় ভালো খেলেও ফল পায়নি তারা, তবে এদিন উল্টোটা হয়েছে—প্রাপ্যের চেয়ে বেশি পেয়েছে দল।

স্লটের মতে, ম্যাচটি ড্র হলে হয়তো ফলাফলটা বেশি ন্যায্য হতো। তবে নাটকীয় শেষ মুহূর্তের গোলই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।