বিয়ের প্রলোভনে তরুণীকে হেনস্তা: শিল্পী নোবেল গ্রেপ্তার

0
6
বিয়ের প্রলোভনে তরুণীকে হেনস্তা: শিল্পী নোবেল গ্রেপ্তার

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও জোরপূর্বক আপত্তিকর ছবি তৈরির অভিযোগে বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন। তিনি জানান, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত থেকে জারি করা ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আরও জানান, নোবেল বর্তমানে থানা হাজতে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীকে বিয়ের কথা বলে নোবেল তার নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রাখেন। এ সময় তিনি জোরপূর্বক ওই তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও তৈরির জন্য চাপ দেন।

পুলিশ সূত্রে মামলার প্রেক্ষাপট সম্পর্কে জানা যায়, ২০২৫ সালের ১৩ আগস্ট ওই তরুণী আদালতে মামলাটি দায়ের করেন। এরপর আদালত মামলাটির অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেয়। তদন্ত শেষে ‘২৬ সালের ২ ফেব্রুয়ারি’ আদালতে প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের এসআই নুরুজ্জামান। ওইদিনই আদালত মাইনুল আহসান নোবেলসহ চারজনের নামে ওয়ারেন্ট জারি করে এবং আসামিদের আইনের আওতায় আনার জন্য ডেমরা থানা পুলিশকে নির্দেশ দেয়। সেই নির্দেশনার আলোকেই আজ তাকে গ্রেপ্তার করা হলো।