হেটমায়ার–পাওয়েলের ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে

0
23
হেটমায়ার–পাওয়েলের ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে

সুপার এইটে গ্রুপ পর্বে অপরাজিত দুই দলের লড়াইয়ে একতরফা জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েলের বিস্ফোরক ব্যাটিংয়ে ২৫৪ রানের বিশাল সংগ্রহ গড়ে শেষ পর্যন্ত জিম্বাবুয়েকে ১০৭ রানে হারিয়েছে ক্যারিবীয়রা।

সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবং ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ স্কোর। জবাবে জিম্বাবুয়ে ১৭.৪ ওভারে অলআউট হয় ১৪৭ রানে।

পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়লেও তিন নম্বরে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শিমরন হেটমায়ার। সাতটি চার ও সাতটি ছক্কায় ৩৪ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। মাত্র ১৯ বলে ফিফটি ছুঁয়ে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম অর্ধশতকের নিজের আগের রেকর্ড ভেঙে দেন বাঁহাতি এই ব্যাটার। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

অধিনায়ক রভম্যান পাওয়েলও ছিলেন সমান আগ্রাসী। চারটি চার ও চারটি ছক্কায় ৩৫ বলে ৫৯ রান করেন তিনি। তৃতীয় উইকেটে হেটমায়ারের সঙ্গে ৫২ বলে ১২২ রানের জুটি গড়ে জিম্বাবুয়ের বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করেন এই দুজন। শেষ দিকে শেরফেন রাদারফোর্ডের ৩১ অপরাজিত ও রোমারিও শেফার্ডের ২১ রানের ক্যামিওতে সংগ্রহ পায় পাহাড়সম রূপ।

জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভান্স লড়াইয়ের চেষ্টা করেন। পাঁচ ছক্কা ও দুই চারে ২১ বলে ৪৩ রান করেন তিনি। এছাড়া আর কেউ ত্রিশের ঘরে পৌঁছাতে পারেননি। নির্ধারিত সময়ের আগেই ১০৩ রানে ৯ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দলটি, যদিও শেষ উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে ১৪৭ পর্যন্ত পৌঁছে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে দাপট দেখান দুই বাঁহাতি স্পিনার আকিল হোসেন ও গুডাকেশ মোটি। সমান ২৮ রান দিয়ে মোটি নেন ৪ উইকেট, আকিল পান ৩টি। পেসার ম্যাথিউ ফোর্ড দুটি উইকেট নেন।

ব্যাট-বলে দাপুটে পারফরম্যান্সে সুপার এইটের শুরুটা স্মরণীয় করে রাখল ওয়েস্ট ইন্ডিজ।