নিরপরাধ কেউ প্রসিকিউশনের মাধ্যমে হয়রানির শিকার হবে না: চিফ প্রসিকিউটর

0
7
নিরপরাধ কেউ প্রসিকিউশনের মাধ্যমে হয়রানির শিকার হবে না: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, যারা নিরপরাধ তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনোভাবেই হয়রানির শিকার হবে না। তবে অপরাধীদের প্রাপ্য সাজা নিশ্চিত করতে প্রসিকিউশন দৃঢ়ভাবে কাজ করবে।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা জানান।

আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে বর্তমানে যেসব বিচারকাজ চলমান রয়েছে, আগামী দিনে সেগুলো সম্পূর্ণ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হবে।

নতুন চিফ প্রসিকিউটর আরও স্পষ্ট করে বলেন, কারও প্রতি কোনো প্রকার বিদ্বেষ ধারণ না করে সম্পূর্ণ আইনানুগভাবে বিচারকাজ পরিচালিত হবে। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, আইনের বাইরে সরকার বা অন্য কারও কোনো নির্দেশনা অন্তত তার সময়ে সুযোগ পাবে না। পাশাপাশি তিনি আশ্বাস দেন, তার দায়িত্বকালে ট্রাইব্যুনালের বিচারিক কাজের গতি আরও বৃদ্ধি পাবে।