রাজবাড়ীতে পাওনা টাকার জেরে হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

0
6
রাজবাড়ীতে পাওনা টাকার জেরে হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে পাওনা টাকার বিরোধের জেরে স্যানেটারি ব্যবসায়ী জাহিদ ফকিরকে (২৭) হত্যার চাঞ্চল্যকর মামলায় এজাহারনামীয় আসামি শিখনকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

শিখন রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল সিলিমপুর এলাকার রাজ্জাকের ছেলে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ফরিদপুর জেলার মধুখালী থানার মাঝকান্দি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় রাজবাড়ী জেলা সদরের কিশলয় স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় মামলার প্রধান আসামি রাতুল ও তার সহযোগীরা পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে স্যানেটারি ব্যবসায়ী জাহিদ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতরভাবে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন ১৮ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-১০ ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

তাপস কর্মকার আরও জানান, অধিযাচনপত্রের ভিত্তিতে আজ সোমবার সকালে র‍্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মধুখালী থানার মাঝকান্দি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শিখনকে গ্রেপ্তার করে।

এর আগে এই চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি রাতুলকেও (২৮) গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারকৃত আসামি শিখনকে ইতোমধ্যে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।