কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নাসরিন বেগম (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাসরিন বেগম স্থানীয় বয়লার মুরগি বিক্রেতা নুর আলমের স্ত্রী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে শোবার কক্ষে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। এ সময় তার স্বামীকে বাড়িতে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে রাজারহাট থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে মান-অভিমানের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চলছে।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।