নেত্রকোনার মদন উপজেলায় অস্ত্র আইনের মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মামলায় The Arms Act, 1878 এর ১৯(এ) ও ১৯(এফ) ধারায় অভিযোগ গঠন করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, যা ০৭ ডিসেম্বর ২০২৫ তারিখে আদালতের স্বাক্ষর ও সিলমোহরসহ অনুমোদিত হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামির অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি নিজ গ্রাম শিবপাশায় তার বোনের বাড়িতে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি শিবপাশা গ্রামের মৃত মঞ্জিল তালুকদারের ছেলে আনোয়ার বলে পুলিশ নিশ্চিত করেছে।
অভিযানে নেতৃত্ব দেন এসআই ফয়সাল। তার সঙ্গে ছিলেন এসআই তারা মিয়া, এসআই হাশেম, এসআই কামাল, এসআই শাকিব ও এসআই জাকির। এছাড়া কনস্টেবল সাইদুল ইসলাম, আলাউদ্দিন, এনামুল, মমিনুল, মাহাবুব ও কাশেম অভিযানে অংশ নেন।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।