নাটোরের নলডাঙ্গায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

0
6
নাটোরের নলডাঙ্গায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ছাতারভাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিএনপির নেতাকর্মীদের দাবি, সন্ধ্যার দিকে একদল ব্যক্তি হঠাৎ করে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুর চালায়। এতে কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।

৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোকলেসুর রহমান, কাসেমসহ আরও কয়েকজন এই হামলায় জড়িত ছিলেন। তারা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে তিনি দাবি করেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি জানান।