ভুক্তভোগীর সঙ্গে আপসের পরদিনই জামিনে মুক্ত নোবেল

0
5
ভুক্তভোগীর সঙ্গে আপসে গ্রেপ্তারের পরদিনই জামিনে মুক্ত নোবেল

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রাখা, হেনস্তা করা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের একদিন পরই জামিন পেয়েছেন ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ মামলার বাদীর সঙ্গে আপসের ভিত্তিতে তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম।

এদিন দুপুরে নোবেলকে আদালতে হাজির করে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তাকে আদালতের এজলাসে তোলা হলে পুলিশ তাকে কারাগারে আটক রাখার আবেদন জানায়। শুনানির সময় বাদীপক্ষ আদালতকে জানায়, গত ২ ফেব্রুয়ারি নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এবং গ্রেপ্তারের পর থেকে বাদী ও আসামিপক্ষের মধ্যে আপসের আলোচনা চলছিল।

শুনানির সময় মামলার বাদী আনাননিয়া শবনম রোজ (অনন্যা) আদালতে উপস্থিত ছিলেন। বিচারক আপসের বিষয়ে জানতে চাইলে তিনি সম্মতি জানান। পরে উভয় পক্ষ আপসে রাজি হওয়ায় নোবেলের আইনজীবী মো. রানা শেখ জামিনের আবেদন করেন। আদালত আগামী ২ এপ্রিল পর্যন্ত এক হাজার টাকা বন্ডে তাকে জামিন দেন।

এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

গত বছরের ১৩ আগস্ট নোবেল, তার মা, স্ত্রী, এক আত্মীয় ও এক সহকারীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন অনন্যা। আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন দাখিল করে। এরপর ২ ফেব্রুয়ারি সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

মামলার অভিযোগে বলা হয়, প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ের আশ্বাস দিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়। পাশাপাশি বাদীকে আটকে রেখে হেনস্তা এবং আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগও আনা হয়েছে।