আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মামলাগুলোর রায়ের নথি পরীক্ষা করে দেখা হবে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাংবাদিকরা জানতে চান, রায় হওয়া কোনো মামলা পুনরায় ট্রায়ালে আনার সুযোগ আছে কি না। জবাবে চিফ প্রসিকিউটর বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি জানান, ট্রাইব্যুনালে ইতোমধ্যে যেসব মামলার রায় হয়েছে, সেগুলোর সবগুলো এখনো পর্যালোচনা করা সম্ভব হয়নি। তবে পর্যায়ক্রমে প্রতিটি রায়ের নথি পরীক্ষা করা হবে। বিচার সম্পন্ন হওয়া মামলার ফাইলে যদি কোনো অসংগতি বা অনিয়ম পাওয়া যায়, তাহলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে এ পর্যন্ত ২৪টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে, যার মধ্যে ২১টি মামলায় বিচার চলছে। ব্যক্তিগতভাবে তিনি এখনো এসব মামলার বিস্তারিত বিষয়বস্তু পর্যালোচনা করেননি। তিনি বলেন, আনুষ্ঠানিক অভিযোগ, তদন্ত প্রক্রিয়া এবং প্রমাণ উপস্থাপনের বিষয়গুলো তিনি খতিয়ে দেখবেন। তদন্ত যথাযথভাবে হয়েছে বলেই তার বিশ্বাস, তবে কোনো ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটরের নেতৃত্বাধীন টিমের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ইতোমধ্যে ২৪টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এবং ২১টি মামলার বিচার প্রক্রিয়ায় থাকা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এছাড়া আরও কয়েকটি মামলা তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে কোনো ভুল বা অনিয়ম থাকলে তা পর্যালোচনা করা হবে, তবে পুরো কাজকেই অস্বীকার করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।