১০ মার্চ থেকে শুরু ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ

0
3
১০ মার্চ থেকে শুরু ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা জোরদার করতে আগামী ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করছে সরকার। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নের একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি চালু করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুপুরে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের উপ-কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কার্যক্রমের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। নির্বাচিত ১৪টি উপজেলার প্রতিটিতে একটি করে ইউনিয়নের একটি ওয়ার্ডে সর্বজনীনভাবে কার্ড বিতরণ করা হবে এবং একই দিনে একযোগে কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে এটি সারা দেশে সম্প্রসারণ করা হবে।

তিনি জানান, হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত শ্রেণির সুবিধাভোগী পরিবারের মায়েদের এই কার্ডের আওতায় আনা হবে। এর মাধ্যমে প্রতি মাসে দুই হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। একজন নারী স্বাবলম্বী হলে একটি পরিবার এবং পরবর্তী প্রজন্মও উপকৃত হবে বলে সরকার বিশ্বাস করে।

মন্ত্রী আরও বলেন, এ কর্মসূচিতে কোনো ধরনের রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য থাকবে না। এটি একটি সর্বজনীন কার্ড হিসেবে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। আগামী চার মাসের মধ্যে পাইলটিং কার্যক্রম সম্পন্ন করে পরবর্তীতে ধাপে ধাপে সব উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সুবিধাভোগী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ঘরে বসে তালিকা নয়; ‘ডোর টু ডোর’ পদ্ধতিতে সরাসরি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হবে। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে পৃথক কমিটি গঠন করা হবে এবং প্রতিটি উপজেলার তদারকিতে থাকবেন একজন প্রথম শ্রেণির কর্মকর্তা। তথ্যগত ভুল কমাতে দুই স্তরের যাচাই-বাছাই (চেকিং ও রি-চেকিং) প্রক্রিয়া নিশ্চিত করা হবে।