অস্ট্রেলিয়ায় ২৩ বছর পর টেস্ট খেলবে বাংলাদেশ, সূচি ঘোষণা

0
10
অস্ট্রেলিয়ায় ২৩ বছর পর টেস্ট খেলবে বাংলাদেশ, সূচি ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বুধবার ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট, ভেন্যু ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা।

ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজ দিয়েই ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

২০০৩ সালে প্রথম ও সবশেষ অস্ট্রেলিয়া সফরেও প্রথম টেস্ট হয়েছিল ডারউইনে এবং দ্বিতীয়টি কেয়ার্নসে। দীর্ঘ ২২ বছর পর আবার ডারউইনে টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। অন্যদিকে, ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় এটিই হবে প্রথম টেস্ট ম্যাচ। ১৯৯২ বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কার একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর সেখানে আর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। সংস্কারের পর প্রায় ১০ হাজার দর্শক ধারণক্ষমতার এই মাঠে বাংলাদেশের ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হবে।

মূলত সিরিজটি হওয়ার কথা ছিল ২০২৭ সালের মার্চে। তবে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ওই সময়ে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ টেস্ট আয়োজন করবে অস্ট্রেলিয়া। সে কারণে বাংলাদেশের সফর এগিয়ে এনে চলতি বছরের আগস্টে নির্ধারণ করা হয়েছে।

২০০৩ সালের সফরে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দলের ছয় টেস্টে বাংলাদেশের জয় একটি, অস্ট্রেলিয়ার পাঁচটি। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে তা বাতিল হয়।

এদিকে চলতি বছর জুনে অস্ট্রেলিয়া সফরে আসবে বাংলাদেশ। ওই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।