একুশে বইমেলায় কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি

0
26
একুশে বইমেলায় কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, ‘অমর একুশে বইমেলা ২০২৬’ উপলক্ষে কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গনে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বইমেলায় নিরাপত্তার কোনো হুমকি নেই এবং নাশকতারও কোনো তথ্য পাওয়া যায়নি। উসকানিমূলক কোনো বই পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না বলেও তিনি জানান।

তিনি বলেন, বইমেলা এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে। গোয়েন্দা সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। সিসিটিভি ক্যামেরা, প্রবেশ ও বের হওয়ার পথে আর্চওয়ে এবং তল্লাশি ব্যবস্থা থাকবে। আগের মতোই মেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায়।

মেলার ভেতরে ও বাইরে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য সাদা পোশাক ও ইউনিফর্মে নিয়োজিত থাকবেন। ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। যানজট কমাতে মাজার রোড, হাকিম চত্বর, দোয়েল চত্বর ও টিএসসি এলাকায় ডাইভারশন কার্যকর থাকবে। ধারালো অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য নিয়ে মেলায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

নিরাপত্তা জোরদারে বম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হবে।

আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘অমর একুশে বইমেলা ২০২৬’। এবারের প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’। প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ২টায় বইমেলার উদ্বোধন করবেন এবং অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করবেন।