দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইসরায়েলে মোদি, নেসেটে দেবেন ভাষণ

0
17
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইসরায়েলে মোদি, নেসেটে দেবেন ভাষণ

দ্বিপক্ষীয় কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসরায়েল পৌঁছাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত আট বছরের মধ্যে এটি তার দ্বিতীয় ইসরায়েল সফর।

সফরকালে তিনি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বিশেষ ভাষণ দেবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে মোদিকে তার ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা দিয়ে সফরের ঘোষণা দেন। ২০১৭ সালে মোদির ঐতিহাসিক সফরের পর প্রযুক্তি, কৃষি ও নিরাপত্তা খাতে দুই দেশের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্রতিরক্ষা খাতে দুই দেশের অংশীদারিত্ব বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ইসরায়েল বিশ্বের অষ্টম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। এ সময়ে ইসরায়েলের মোট অস্ত্র রপ্তানির ৩৪ শতাংশ কিনেছে ভারত। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের অংশ ১৩ শতাংশ। প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে ইসরায়েলের ওপর ভারতের এই নির্ভরতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদির এই সফরে নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি পানিসম্পদ ব্যবস্থাপনা ও উন্নত প্রযুক্তি খাতে সহযোগিতা নিয়েও আলোচনা হবে। তবে সফরটি ঘিরে ভারতের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ এই জোটকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ মনে করলেও, অন্যরা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক বাস্তবতায় ভারতের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার প্রশ্ন তুলছেন।

২০১৮ সালে নেতানিয়াহুর ভারত সফরের সময় নেওয়া বিভিন্ন দ্বিপক্ষীয় উদ্যোগ এ সফরে নতুন গতি পেতে পারে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক মহলের নজর এখন নেসেটে মোদির ভাষণের দিকে, যেখানে তিনি ভারত-ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরতে পারেন।

সূত্র: আল জাজিরা