পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই যথাযথ বিচার ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় আজ সেনা শহীদ দিবস পালন করা হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং শহীদ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, বিশ্ব ইতিহাসের নৃশংসতম ঘটনাগুলোর একটি। এই হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য অনুসন্ধানে তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি জাতীয় কমিশন গঠন করা হয় এবং তাদের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে সে সরকারের সময়ে প্রতিবেদন বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার নতুন করে কমিশন গঠন করবে না; বরং বিদ্যমান কমিশনের সুপারিশ এবং বিচারাধীন মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
শহীদ পরিবারের উদ্দেশে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। তার ভাষায়, এ হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা হয়েছিল এবং যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন কাজ করতে পারে।