প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক গ্রহণ করলেন ববিতা

0
21
প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক গ্রহণ করলেন ববিতা

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মনোনীতদের হাতে পদক তুলে দেন।

বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক দেওয়া হয়েছে।

চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য গুণী অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন। চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার এবং স্থাপত্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুম পদক পেয়েছেন।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়। তার পক্ষে পরিবারের সদস্যরা সম্মাননা গ্রহণ করেন। নৃত্যে অর্থী আহমেদ এবং বাংলার ঐতিহ্যবাহী পালাগানে অবদানের জন্য ইসলাম উদ্দিন পালাকারও এ সম্মাননায় ভূষিত হয়েছেন।

এ বছর প্রথমবারের মতো কোনো ব্যান্ড দল হিসেবে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ একুশে পদক গ্রহণ করে।

এ ছাড়া সাংবাদিকতায় আজীবন সাহসিকতার স্বীকৃতিস্বরূপ শফিক রেহমান, শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস একুশে পদকে ভূষিত হয়েছেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছাড়াও মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।