বিয়ের পিঁড়িতে বসছেন বিজয়-রাশমিকা, মানা হবে দুই রাজ্যের রীতি

0
19
বিয়ের পিঁড়িতে বসছেন বিজয়-রাশমিকা, মানা হবে দুই রাজ্যের রীতি

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। বিয়ের পর নবদম্পতির একসঙ্গে উপস্থিত হওয়ার মুহূর্তের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

দক্ষিণ ভারতীয় হলেও বিজয় ও রাশমিকা ভিন্ন দুই রাজ্যের বাসিন্দা। তাই দুই পরিবারের আচার-অনুষ্ঠান মেনেই বিয়ের আয়োজন করা হয়েছে। প্রথমে তেলুগু রীতিতে বিজয়ের পরিবারের নিয়ম অনুযায়ী বিয়ে হবে। এরপর কর্ণাটকের কোডাভা রীতি মেনে রাশমিকাদের ঐতিহ্য অনুযায়ী আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তারা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিয়ের তিন দিন আগেই উদয়পুরে পৌঁছান এ তারকা জুটি। সেখানেই গায়ে হলুদ, সঙ্গীত ও মেহেদি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সঙ্গীত অনুষ্ঠানে বিজয়ের জন্য নিজের সিনেমা ‘পুষ্পা’র জনপ্রিয় গান ‘আঙ্গারো’-তে পারফর্মও করেছেন রাশমিকা।

বিয়ের মেনুতেও থাকছে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী খাবারের সমারোহ। অতিথিদের স্বাগত জানাতে রাখা হয়েছে নারকেলের পানি। কলাপাতায় পরিবেশন করা হবে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের বিভিন্ন পদ। তালিকায় রয়েছে হায়দরাবাদি দম বিরিয়ানি, নাটু কোডি পুলুস, গারেলু বা মেডু বড়া, পাপ্পু, কিমা সামোসা। রাশমিকার কুর্গের শিকড়ের ছোঁয়ায় থাকছে কদম্বুটু ও পান্ডি কারি, আর মিষ্টান্নে মাইশোর পাক।

বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা প্রায় ১০০ জন। উদয়পুরের একটি পাঁচতারকা হোটেলে অতিথি ও পরিবারের সদস্যদের জন্য ১১৭টি কক্ষ বুক করা হয়েছে। প্রতি রাতের ভাড়া ২০ থেকে ৭০ হাজার টাকার মধ্যে বলে জানা গেছে।

বিয়ের পর আগামী ৪ মার্চ হায়দরাবাদে তারকাখচিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বিজয় ও রাশমিকা।