রায়েরবাজারে স্কুলছাত্রী বিন্তিকে কুপিয়ে হত্যা

0
13
রায়েরবাজারে স্কুলছাত্রী বিন্তিকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে হাজারীবাগের রায়েরবাজারে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে তাকে শিকদার মেডিকেলে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা বেল্লাল হোসেন জানান, তাদের বাসা রায়েরবাজার হায়দার হোটেলের গলিতে। পাঁচতলা ভবনের পঞ্চম তলায় তারা থাকেন। বিন্তি রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই সন্তানের মধ্যে সে বড়।

তিনি বলেন, রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলের সঙ্গে নিচে যায়। কিছুক্ষণ পর বাসার নিচে হৈচৈ শুনে নেমে দেখেন, কে বা কারা তার মেয়েকে কুপিয়ে ফেলে রেখে গেছে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

নিহতের মা নাদিয়া বেগম জানান, রাত ৮টার দিকে বিন্তি ও তার ভাই নিচে নামে। নাবিল কাঁচা তরকারি কিনে বোনকে বাসার নিচে রেখে মসজিদে চলে যায়। পরে হৈচৈ শুনে নিচে নেমে দেখেন, অনেকেই তার মেয়েকে ঘিরে আছে। স্থানীয়দের বরাতে তিনি দাবি করেন, বিন্তি নাকি বলেছিল—সিয়াম নামে এক যুবক তাকে কুপিয়েছে।

মায়ের অভিযোগ, তিন-চার বছর ধরে সিয়াম মোবাইলে বিন্তিকে বিরক্ত করত। একবার তিনি নিজেও ওই যুবককে ফোনে বকাবকি করেছিলেন। তিনি মেয়ের হত্যার বিচার ও অভিযুক্তের ফাঁসি দাবি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহতের কাঁধ ও পিঠে একাধিক জখমের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানা পুলিশ তদন্ত করছে।