একুশে পদক প্রদান অনুষ্ঠানে হেঁটে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
17
একুশে পদক প্রদান অনুষ্ঠানে হেঁটে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে যান তিনি। এর আগে সকালে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্টজনরা উপস্থিত রয়েছেন।

এবার দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করা হচ্ছে।

এ বছরের মনোনীত ব্যক্তিরা হলেন— চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এছাড়া সংগীত দল হিসেবে ব্যান্ড ওয়ারফেজকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।