রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর রেড নোটিশ জারির আবেদন করেন।
আবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিক ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে গুলশান-২ এলাকার রোড নং ৭১-এর বাড়ি নং ৫এ ও ৫বি (বর্তমানে ১১এ ও ১১বি) এর ফ্ল্যাট নং বি/২০১ রেজিস্ট্রির মাধ্যমে দখল নেন। অভিযোগে উল্লেখ করা হয়, ফ্ল্যাটটি হস্তান্তরযোগ্য না হওয়া সত্ত্বেও তিনি বিষয়টি জেনেও প্রভাব খাটিয়ে অনুমোদন আদায় করেন।
মামলার অভিযোগে আরও বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হিসেবে প্রভাব খাটিয়ে এবং সংশ্লিষ্ট আইন কর্মকর্তাকে প্রভাবিত করে ফ্ল্যাট বিক্রির অনুমোদন নেওয়া হয়। পরে অবৈধ সুবিধা আদান-প্রদানের মাধ্যমে ফ্ল্যাটটি বিনামূল্যে গ্রহণ করা হয়, যা অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ।
দুদক জানায়, মামলা দায়েরের আগেই টিউলিপ সিদ্দিক দেশত্যাগ করেন এবং মামলার প্রমাণাদি নষ্টের চেষ্টা করছেন। তাই তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি প্রয়োজন।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি এ মামলায় টিউলিপ সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তারি পরোয়ানার তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য রয়েছে।
গত বছরের ১৫ এপ্রিল অবৈধ সুবিধা নিয়ে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরবর্তীতে ১১ ডিসেম্বর দণ্ডবিধির বিভিন্ন ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিন মামলায় টিউলিপ সিদ্দিক দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।