দুই রুশ নারীর সঙ্গে সম্পর্ক স্বীকার করলেন বিল গেটস

0
17
দুই রুশ নারীর সঙ্গে সম্পর্ক স্বীকার করলেন বিল গেটস

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলেছেন গেটস। গেটস ফাউন্ডেশনের এক অভ্যন্তরীণ টাউন হল বৈঠকে তিনি স্বীকার করেন, দুই রুশ নারীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল, যা পরবর্তী সময়ে এপস্টিন জানতে পারেন। তবে ওই নারীরা এপস্টিনের পাচারের শিকার বা ভুক্তভোগী ছিলেন না বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক লিখিত বিবৃতিতে গেটস ফাউন্ডেশনের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, দণ্ডিত অপরাধী এপস্টিনের সঙ্গে যোগাযোগ রাখা এবং ফাউন্ডেশনের কর্মকর্তাদের তার সঙ্গে বৈঠকে নিয়ে যাওয়াকে গেটস ‘বিরাট ভুল’ হিসেবে আখ্যা দিয়েছেন। সভায় তিনি বলেন, তার এই ভুলের কারণে যারা অস্বস্তিতে পড়েছেন বা জড়িয়ে পড়েছেন, তাদের কাছে তিনি ক্ষমাপ্রার্থী।

তবে কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে গেটস কর্মীদের বলেন, তিনি কখনও অবৈধ কিছু করেননি বা দেখেননি। বিচার বিভাগের প্রকাশিত নথিতে গেটসের এমন কিছু ছবি রয়েছে, যেখানে তাকে কয়েকজন নারীর সঙ্গে দেখা যায়, যদিও তাদের মুখ ঝাপসা করা ছিল। এ প্রসঙ্গে গেটস বলেন, ওই ছবিগুলো বৈঠকের পর এপস্টিনের অনুরোধে তার সহকারীদের সঙ্গে তোলা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, এপস্টিনের আশপাশের কোনো নারী বা ভুক্তভোগীর সঙ্গে তিনি কখনও সময় কাটাননি।

এর আগে গেটস দাবি করেছিলেন, এপস্টিনের সঙ্গে তার সম্পর্ক কেবল দাতব্য কাজসংক্রান্ত আলোচনা পর্যন্ত সীমাবদ্ধ ছিল এবং তার সঙ্গে সাক্ষাৎ করাই ছিল ভুল সিদ্ধান্ত।

গেটস ফাউন্ডেশনের মুখপাত্র জানান, পূর্বনির্ধারিত ওই সভায় গেটস কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, যার মধ্যে এপস্টিন-সংক্রান্ত নথি প্রকাশের বিষয়টিও ছিল।