নওগাঁয় কবরস্থান থেকে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

0
18
নওগাঁয় কবরস্থান থেকে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নওগাঁর পোরশা উপজেলায় একটি পারিবারিক কবরস্থান থেকে ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের একটি কবরস্থান থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শীতলী গ্রামের রহমতের বাড়ির পশ্চিম পাশে অবস্থিত পারিবারিক কবরস্থানে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি পড়ে আছে। পরে অভিযান চালিয়ে কবরস্থানের মাঝামাঝি একটি আমগাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মূর্তিটির উচ্চতা প্রায় ৫৬ ইঞ্চি এবং ওজন ১৩৭ কেজি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি প্রায় হাজার বছরের পুরনো একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

পুলিশ সুপার বলেন, উদ্ধার হওয়া মূর্তিটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। এটি দেশের গুরুত্বপূর্ণ ও মূল্যবান প্রত্নসম্পদ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।