মাধবদীতে বাবার কাছ থেকে তরুণীকে তুলে নিয়ে হত্যার অভিযোগ, সরিষাক্ষেতে লাশ উদ্ধার

0
12
মাধবদীতে বাবার কাছ থেকে তরুণীকে তুলে নিয়ে হত্যার অভিযোগ, সরিষাক্ষেতে লাশ উদ্ধার

নরসিংদীর মাধবদীতে বাবার কাছ থেকে তুলে নিয়ে এক তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্বজন ও স্থানীয়দের দাবি, নিহতের বাবা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কাজের সূত্রে স্ত্রী-কন্যাকে নিয়ে তিনি মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

অভিযোগ রয়েছে, প্রায় ১৫ দিন আগে স্থানীয় যুবক নূরার নেতৃত্বে ৫-৬ জন মিলে ওই তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয় বলে জানান স্বজনরা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে আশরাফ হোসেন কাজ শেষে মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। বড়ইতলা এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে কয়েকজন তার সামনে থেকে মেয়েকে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাকে পাননি।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা একটি সরিষাক্ষেতে তরুণীর মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। নিহতের বাবা বলেন, “আমার সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে যায়। পরে আর পাইনি। সকালে লাশ পাওয়া গেছে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মেয়েটির সঙ্গে অভিযুক্ত নূরার প্রেমের সম্পর্ক ছিল, যা পরিবার মেনে নেয়নি। বুধবার তাকে বাবার কাছ থেকে তুলে নেওয়া হয়েছিল বলে তারা জেনেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে। ইতোমধ্যে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। ধর্ষণের অভিযোগের বিষয়টি তদন্তের পর বিস্তারিত বলা যাবে।