মেট্রো স্টেশনে অনুমতি ছাড়া ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ

0
10
মেট্রো স্টেশনে অনুমতি ছাড়া ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ

রাজধানীর প্রতিটি মেট্রো স্টেশন এলাকায় অনুমতি ছাড়া ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কিংবা যেকোনো ধরনের কনটেন্ট তৈরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সম্প্রতি ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেট্রো স্টেশন এলাকা, প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও বাহির পথ, ট্রেনের ভেতরসহ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া শর্ট ভিডিও তৈরি করে ইউটিউব বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি, লাইভ স্ট্রিমিং, শুটিং কিংবা যেকোনো ধরনের কনটেন্ট কার্যক্রম পরিচালনা করা যাবে না।

নির্দেশনা অমান্য করলে প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

ডিএমটিসিএল জানিয়েছে, তাদের ‘বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা ২০২৩’ অনুযায়ী মেট্রোরেলের আওতাধীন এলাকায় বাণিজ্যিক শুটিং, ভিডিও বা ফটোগ্রাফির অনুমতির জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে।