কালীগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

0
12
কালীগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুড়গাছা গ্রাম থেকে নিখোঁজের একদিন পর তাবাসসুম নামে সাড়ে চার বছরের এক কন্যাশিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির পরিবার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় থাকেন। তার বাবা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করেন এবং মা হালিমা খাতুন ওয়েব ফাউন্ডেশনে চাকরি করেন।

পরিবার জানায়, বুধবার বিকেল আড়াইটার পর থেকে তাবাসসুম নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকালে বাদুড়গাছা গ্রামের এক কৃষক বিদ্যালয়ের পেছনের মাঠে যাওয়ার পথে রক্তমাখা একটি বস্তা দেখতে পান। সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে।