ইংল্যান্ড ম্যাচ ‘ডু অর ডাই’ নয়, তবে নিয়ন্ত্রণ রাখতে চায় নিউজিল্যান্ড

0
29
ইংল্যান্ড ম্যাচ ‘ডু অর ডাই’ নয়, তবে নিয়ন্ত্রণ রাখতে চায় নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আজ (শুক্রবার) ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে নিউজিল্যান্ড। ম্যাচটিকে ‘ধ্বংস কিংবা বাঁচা’র লড়াই হিসেবে না দেখলেও নিজেদের ভাগ্য অন্যের হাতে তুলে দিতে নারাজ কিউই কোচ রব ওয়াল্টার।

ওয়াল্টার বলেন, “এটা ধ্বংস নয়। আমরা যদি না-ও জিতি, তাতে আমরা মরে যাব না। কিন্তু আমরা অবশ্যই এমন অবস্থানে থাকতে চাই না, যেখানে বিষয়টি বাহ্যিক কারণের ওপর ছেড়ে দিতে হয় এবং সেটা আমাদের হাতের বাইরে চলে যায়।”

নিউজিল্যান্ডের সেমিফাইনালের ভাগ্য এখনো নিজেদের হাতেই। ইংল্যান্ডকে হারাতে পারলেই কলম্বো থেকে নিশ্চিত হবে শেষ চারের টিকিট। সুপার এইটে তাদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যায়। পরে শ্রীলঙ্কাকে ৬১ রানে হারিয়ে সম্ভাবনা জোরদার করে কিউইরা।

তবে ইংল্যান্ডের কাছে হেরে গেলে সমীকরণ জটিল হয়ে যাবে। ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড যদি জেতে, তাহলে পাকিস্তানের সামনে সুযোগ তৈরি হবে। সেক্ষেত্রে শনিবার শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি নেট রানরেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে হবে বাবর আজমদের।

ওয়াল্টারের মতে, ফল নয়—প্রক্রিয়াতেই মনোযোগ রাখতে হবে। “প্রতিটি বল ধরে সঠিক প্রক্রিয়া অনুসরণ করাটাই গুরুত্বপূর্ণ। সেটা করতে পারলে ফলাফল নিয়েই আর ভাবতে হবে না।”

ইংল্যান্ডের সাম্প্রতিক ফর্মও ভাবাচ্ছে কিউইদের। পাকিস্তানের বিপক্ষে হ্যারি ব্রুক তিন নম্বরে নেমে ৫০ বলে সেঞ্চুরি হাঁকান। তবে ব্রুকের ব্যাটিং পজিশন নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না ওয়াল্টার। তার ভাষায়, “সে কোন অর্ডারে ব্যাট করছে, সেটা খুব গুরুত্বপূর্ণ নয়। আপনাকে যেকোনো সময় তার বিপক্ষে বল করতে হবে—প্রথম ওভার হোক বা ১৫তম। ব্যাটিং অর্ডার নিয়ে মাঝেমধ্যে বাড়িয়ে বলা হয়। তারা যে সিদ্ধান্তই নিক, আমরা প্রস্তুত থাকব।”

ইংল্যান্ডের জন্য ম্যাচটি হবে সেমিফাইনালের আগে নিজেদের আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও ইংল্যান্ডের বর্তমান স্পেশালিস্ট স্কিলস কনসালট্যান্ট টিম সাউদি বলেন, “আমরা নিখুঁত ক্রিকেট খেলতে পারিনি, কিন্তু এক ম্যাচ হাতে রেখে সেমিতে উঠতে পারা ভালো ব্যাপার। দলের পরিবেশ দারুণ, বোঝাপড়াও চমৎকার। শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রমাণের সুযোগ এটি।”

এই ম্যাচে কেবল দুই দলের সমর্থকই নয়, চোখ থাকবে পাকিস্তানেরও। নিউজিল্যান্ড বড় ব্যবধানে হারলে তবেই তাদের জন্য সেমিফাইনালের দরজা পুরোপুরি খুলে যেতে পারে। ফলে কলম্বোর লড়াইয়ে উত্তেজনার পারদ থাকবে তুঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here