কালীগঞ্জে বিএনপির সমন্বয় সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত অন্তত ১০

0
18
কালীগঞ্জে বিএনপির সমন্বয় সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত অন্তত ১০

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সমন্বয় সভাকে কেন্দ্র করে দলটির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ থানার সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই জাহিদ, কনস্টেবল পিকুল ও কনস্টেবল সেলিম। তাদের মধ্যে দুইজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীরা জানান, সকালে ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনকালীন কর্মকাণ্ড পর্যালোচনা ও নির্বাচন-পরবর্তী করণীয় নির্ধারণে সমন্বয় সভা আহ্বান করেন বিএনপি প্রার্থী রাশেদ খান। এতে মহারাজপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

সভায় ইউনিয়ন চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে ধানের শীষের বিপক্ষে কাজ করার অভিযোগ তোলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে এক পক্ষ কালীগঞ্জ থানা চত্বরে ঢুকে পড়লে অপর পক্ষও সেখানে প্রবেশ করে হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে উভয়পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়।

ঘটনার বিষয়ে রাশেদ খান বলেন, তিনি কালীগঞ্জে আসার খবর পেয়ে অনেক নেতাকর্মী কার্যালয়ে দেখা করতে আসেন। সেখানে দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তিনি উভয়পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, থানার সামনেই ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে সমন্বয় সভা চলছিল। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পক্ষ থানায় ঢুকে পড়লে অপর পক্ষও থানা এলাকায় ঢুকে হামলা চালায়। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here