সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প: দেয়াল ধসে তিনজন আহত

0
18
সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প: দেয়াল ধসে তিনজন আহত

সাতক্ষীরার শ্যামনগরসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে এবং মাটির দেয়াল ধসে তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে কম্পনটি অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪, যা মাঝারি মাত্রার ভূমিকম্প।

শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কোথাও মাটির ঘর আংশিক ধসে পড়েছে, আবার কোথাও ভবনের দেয়াল, ছাদ ও পিলারে ফাটল দেখা দিয়েছে।

রমজাননগর ইউনিয়নের সোনাখালি এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম জানান, তার একমাত্র মাটির ঘরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়ালে ফাটল ও কিছু অংশ ধসে পড়ায় পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন তিনি।

শ্যামনগর পৌরসভার নূর কম্পিউটার মার্কেটের পাশে অবস্থিত একটি রাজনৈতিক দলের কার্যালয়ের ভবনেও ফাটল ধরেছে বলে স্থানীয়রা জানান। একই এলাকার আরও কয়েকটি ভবনেও ক্ষতির চিহ্ন দেখা গেছে। গাবুরা ইউনিয়নের হরিশখালি এলাকায় একটি মসজিদে ফাটল ধরার পাশাপাশি ভেতরের টাইলস খুলে পড়েছে বলে জানা গেছে।

চুনকুড়ি নদী তীরবর্তী এলাকার বাসিন্দা আকবর হোসেন বলেন, ভূমিকম্পের সময় নদীর পানি অস্বাভাবিকভাবে দুলছিল। ভাটা থাকায় বড় ধরনের ক্ষতি হয়নি। অনেকেই আতঙ্কে ঘরবাড়ি ও মসজিদ থেকে বের হয়ে রাস্তায় অবস্থান নেন।

নকিপুর বাজারের এক ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী পলাশ সাহা জানান, প্রথমে কেউ বুঝতে পারেননি কী হচ্ছে। পরে ভবন কাঁপতে দেখে সবাই দ্রুত বাইরে বের হয়ে আসেন।

আহতদের মধ্যে রয়েছেন—ভুরুলিয়া এলাকার নুর আলী মোড়লের স্ত্রী ফয়জুন্নেছা (৭৫), ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী এলাকার আরিফুল ইসলাম (১৮) এবং আটুলিয়া ইউনিয়নের আঁখি আক্তার (২০)। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর জরুরি বিভাগের চিকিৎসক সাকির হোসেন জানান, তিনজন চিকিৎসা নিয়েছেন। বয়স্ক ফয়জুন্নেছা হাসপাতালে ভর্তি রয়েছেন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুতি রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here