সীমান্তে চলমান সংঘাতে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তান। পাশাপাশি কয়েকজন পাকিস্তানি সেনাকে জীবিত আটক এবং বিপুল পরিমাণ অস্ত্র জব্দের কথাও জানিয়েছে তালেবান সরকার।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সীমান্তে পাকিস্তানি সামরিক পোস্টগুলোর বিরুদ্ধে পরিচালিত পাল্টা অভিযান শেষ হয়েছে। সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাতের নির্দেশে স্থানীয় সময় রাত ১২টায় অভিযান সমাপ্ত করা হয়।
বিবৃতিতে দাবি করা হয়, অভিযানে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আফগান বাহিনী কয়েকশ হালকা ও ভারী অস্ত্র জব্দ করেছে এবং কয়েকজন সেনাকে জীবিত আটক করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, অভিযানের সময় পাকিস্তান বাহিনীর দুটি সদর দপ্তর ও ১৯টি তল্লাশি চৌকি দখল করা হয়েছে।
তবে এ সংঘর্ষে আফগানিস্তানেরও ক্ষয়ক্ষতি হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটজন আফগান সেনা নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। আফগান কর্তৃপক্ষের দাবি, তাদের ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব দিতেই এ অভিযান চালানো হয়েছে।
অন্যদিকে পাকিস্তানও পাল্টা দাবি করেছে, চলমান সংঘর্ষে আফগান তালেবানের ৭২ জন যোদ্ধা নিহত হয়েছেন। ইসলামাবাদ জানিয়েছে, অভিযানে তাদের দুই নিরাপত্তা সদস্য নিহত হয়েছে।
সীমান্তে উভয় পক্ষের পরস্পরবিরোধী দাবির মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।