হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে নারীসহ প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার কাওরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মসজিদের তহবিলের হিসাব-নিকাশ নিয়ে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন ও তাইতুল মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর আগে ২০ ফেব্রুয়ারি একই বিরোধে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন এবং পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের একজন বৃহস্পতিবার জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরলে উত্তেজনা আবারও চরমে ওঠে।
সন্ধ্যার পর উভয়পক্ষ টেঁটা, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ চলা সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। রাত সাড়ে ৮টার দিকে আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদারি জোরদার করা হয়েছে।