জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল ভারত

0
12
জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল ভারত

সুপার এইটে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে চাপে পড়েছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ রানের দাপুটে জয় তুলে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখল স্বাগতিকরা। টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সিকান্দার রাজার জিম্বাবুয়ে।

চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ২৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে লড়াইয়ের আভাস দিলেও শেষ পর্যন্ত থামে ১৮৪ রানে। ওপেনার ব্রায়ান বেনেট দুর্দান্ত এক ইনিংস খেলেন। ৫৯ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। আটটি চার ও ছয়টি ছক্কায় সাজানো তার ইনিংসটি সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে থামে। মারুমানি করেন ২০ বলে ২০ রান, ডিওন মায়ার্স ৬, অধিনায়ক সিকান্দার রাজা ২১ বলে ৩১ রান করেন। রায়ান বার্ল রানের খাতা খুলতে পারেননি। টনি মুনয়োঙ্গা ১১, মুসেকিয়া ৭ ও ব্র্যাড ইভান্স ১ রান করেন।

ভারতের পক্ষে অর্শদিপ সিং সর্বোচ্চ তিনটি উইকেট নেন। অন্য বোলাররাও নিয়ন্ত্রিত বোলিংয়ে রানচাপ ধরে রাখেন।

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ভারতীয় ওপেনার। ১৫ বলে ২৪ রান করে স্যাঞ্জু স্যামসন আউট হলেও পাওয়ার প্লেতে ওঠে ৮০ রান। ইষাণ কিষাণ ২৪ বলে ৩৮ রান করেন। অভিষেক শর্মা মাত্র ২৬ বলে ফিফটি পূর্ণ করে ৩০ বলে ৫৫ রান করে বিদায় নেন। অধিনায়ক সূর্যকুমার যাদব ১৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন।

শেষদিকে হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা ঝড় তোলেন। পঞ্চম উইকেটে ৩১ বলে ৮৪ রানের জুটি গড়েন তারা। হার্দিক ২৩ বলে ৫০ এবং তিলক ১৬ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত।

জিম্বাবুয়ের চার বোলার একটি করে উইকেট নেন। তবে ব্যাটারদের বিস্ফোরক পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ পুরো সময়ই ছিল ভারতের হাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here