দায়িত্ব নিয়েই মধ্যরাতে রাস্তায় নতুন আইজিপি, ‘অপরাধী কাউকে ছাড় নয়’

0
4
দায়িত্ব নিয়েই মধ্যরাতে রাস্তায় নতুন আইজিপি, ‘অপরাধী কাউকে ছাড় নয়’

নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির দায়িত্ব নেওয়ার দুই দিনের মাথায় রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে দেখতে মধ্যরাতে মাঠে নামেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে তিনি মোহাম্মদপুর এলাকা পরিদর্শন করেন এবং সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আইজিপি বলেন, “নগরবাসীর নিরাপত্তায় আমি নিজেই রাস্তায় নেমেছি। অপরাধী যেই হোক, কঠোর হস্তে দমন করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।” তিনি জানান, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় সাধারণ মানুষ ভীত। এ কারণে পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতে মাঠে নেমেছেন তিনি।

তিনি আরও বলেন, সন্ধ্যার পর বিশেষ ব্লক রেইড পরিচালনার মাধ্যমে ছিনতাইকারী ও মাদক সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার অভিযান চলছে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আইজিপি জানান, ১৯৮৬ সালে বিশ্ববিদ্যালয় জীবনে জেনেভা ক্যাম্প এলাকায় আত্মীয়ের বাসায় যাওয়ার পথে তিনিও ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। তার মতে, মোহাম্মদপুর দীর্ঘদিন ধরেই অপরাধপ্রবণ এলাকা, যেখানে নিম্ন আয়ের মানুষের বসবাসের পাশাপাশি ভাঙারি ও বিভিন্ন অবৈধ ব্যবসা বিস্তার লাভ করেছে।

রাজধানীতে ফুটপাত ও সড়ক দখলের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে অর্থনীতি ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ বাহিনীর সক্ষমতা প্রসঙ্গে আইজিপি বলেন, দেশে প্রায় ২০ কোটি মানুষের বিপরীতে পুলিশের সদস্যসংখ্যা মাত্র ২ লাখ ২০ হাজার। আর ঢাকা শহরেই প্রায় ৪ কোটি মানুষের বসবাস। তাই নাগরিকদের স্বস্তি নিশ্চিত করতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি। ট্রাফিক বিভাগ পুনর্গঠনের কাজ চলছে বলেও জানান।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে নিজেও রাতে টহলে থাকার ঘোষণা দেন আইজিপি। তার ভাষায়, “আমি রাস্তায় থাকলে সহকর্মীরাও আরও সক্রিয় থাকবে এবং আইন প্রয়োগে কঠোরতা বাড়বে।”

তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন না করে প্রচলিত আইনের মধ্যেই শক্তি প্রয়োগ করা হবে। কার্যকর পুলিশিংয়ের জন্য বাহিনীর মানসিকতার পরিবর্তন জরুরি উল্লেখ করে তিনি বলেন, পুলিশকে প্রকৃত অর্থে জনসেবক হিসেবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here