নরসিংদীসহ সারাদেশে সহিংসতার বিচার দাবিতে ডাকসুর বিক্ষোভ

0
21
নরসিংদীসহ সারাদেশে সহিংসতার বিচার দাবিতে ডাকসুর বিক্ষোভ

নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ধর্ষণ ও সহিংসতার ঘটনার দৃষ্টান্তমূলক বিচার এবং নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, নির্বাচনের পর নতুন সরকারের কাছে মানুষ আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা প্রত্যাশা করেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ধর্ষণ, হত্যা ও সন্ত্রাসের একাধিক ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষার অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষার্থীরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, বিভিন্ন এলাকায় সংঘটিত সহিংসতার ঘটনায় দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। তিনি গণমাধ্যমের প্রতি নিরপেক্ষ ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি তোলেন।

এজিএস মহিউদ্দিন খান বলেন, নারীর নিরাপত্তা কোনো রাজনৈতিক ইস্যু নয়; এটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং প্রতিটি ঘটনার স্বতঃপ্রণোদিত তদন্ত নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি বলেন, প্রতিটি ঘটনায় চাপের মুখে নয়, নিয়মিত আইনি প্রক্রিয়ায় দ্রুত ব্যবস্থা নিতে হবে।

ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেন, নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোতে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় বলে তিনি মন্তব্য করেন। অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করে তা প্রকাশের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here