ওআইসি নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

0
21
ওআইসি নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ফিলিস্তিন ইস্যুতে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ওআইসি সচিবালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউ উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে ওআইসি নেতারা শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা সুসংহত হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। একই সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন জানান ওআইসি নেতারা।

উল্লেখ্য, আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here