খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে পূর্ব শত্রুতার জের ধরে মুরাদ খান (৪৫) নামে এক যুবদল কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে সেনহাটী মিয়া পাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মুরাদ খান উপজেলার হাজীগ্রামের খান মুনসুর আলীর ছেলে। তিনি দিঘলিয়া উপজেলা যুবদলের সক্রিয় সদস্য ছিলেন এবং পেশায় একজন ব্যবসায়ী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে খুলনা শহর থেকে কাজ শেষ করে হাজীগ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন মুরাদ খান। পথিমধ্যে সেনহাটী মিয়া পাড়া মসজিদের কাছে পৌঁছালে একদল যুবক তার গতিরোধ করে। প্রাণ বাঁচাতে মুরাদ নিকটস্থ একটি দোকানে গিয়ে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। সশস্ত্র দুর্বৃত্তরা সেখান থেকে তাকে টেনেহিঁচড়ে বের করে আনে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মুরাদ খানকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, যুবদল নেতা মুরাদ খানকে কুপিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ উদঘাটন এবং জড়িত আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।