যশোরে ‘আফিল ব্রিকস’-এ ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৩

0
25
যশোরে ‘আফিল ব্রিকস’-এ ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৩

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন ‘আফিল ব্রিকস’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের সময় এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

যশোর জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, কারখানার ২ নম্বর শেডে হঠাৎ আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে তা পুরো শেডে ছড়িয়ে পড়ে। এতে কারখানার শ্রমিক ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যশোর সদর, বাঘারপাড়া, নওয়াপাড়া ও মনিরামপুর স্টেশন থেকে মোট সাতটি ইউনিট অংশ নেয়। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভাতে সহায়তা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের দুই কর্মী ও এক শ্রমিক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

আফিল গ্রুপের ম্যানেজার আশরাফুল হক জানান, আগুনে শেডে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here