পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি আগামী ৩ মার্চ থেকে শুরু হবে। ওইদিন থেকে ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের যাত্রার টিকিট অগ্রিম ক্রয় করতে পারবেন যাত্রীরা। শনিবার রাজধানীর গাবতলিতে বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন-এর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সংগঠনের সেক্রেটারি শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, ৩ মার্চ সকাল থেকে কাউন্টার ও অনলাইন—উভয় মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি করা হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন। ৩ মার্চ থেকে ১২ মার্চ ও পরবর্তী দিনগুলোর যাত্রার টিকিট ছাড়া হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই এবং অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে।
টিকিটের কালোবাজারি রোধে বিভিন্ন কাউন্টারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে উল্লেখ করে শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।